অভিনেতাকে চিনতে পেয়ে ছিনতাইকারী বলল, "মোবাইল নেওয়ার দরকার নেই..."

 

পূর্বাচল এক্সপ্রেসের ম্যাডামের বাড়ি শুটিং হাউস থেকে ফেরার পথে ছিনতাইকারীদের কবলে পড়েছেন অভিনেতা হারুন রশিদ। তিনি ‘বান্টি’ নামেই বেশি পরিচিত। গতকাল শনিবার রাত ১১টার দিকে ৩০০ ফিট এলাকায় কাঞ্চন ব্রিজ পার হলে এ ঘটনা ঘটে। এ সময় ভয়ভীতি দেখিয়ে তাঁর সঙ্গে থাকা সবকিছু নিয়ে নেন ছিনতাইকারীরা।

ঘটনাটি নিয়ে এই অভিনেতা প্রথম আলোকে জানান, এমন ঘটনার মুখোমুখি হতে হবে কল্পনাও করিনি। রাত ১০টা ৫০ মিনিটের দিকে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে কাঞ্চন ব্রিজ থেকে কমলাপুরের দিকে যাচ্ছিলেন। ৫ মিনিট চলার পর সেটি একটি অন্ধকার জায়গায় হঠাৎ বন্ধ হয়ে যায়।


হারুন বলেন, ‘গাড়িটা বন্ধ হওয়ার পরই আমার সন্দেহ হয়। ড্রাইভার তখন বিভিন্ন কিছু পরীক্ষা করতে থাকেন। ঠিক সেই মুহূর্তে পাশের ছোট রাস্তা থেকে হঠাৎ দুইটি বাইকে করে চারজন তরুণ এসে হাজির হয়। পেছনে বসা দুজনের হাতে ছিল চাপাতি ও একটি লম্বা অস্ত্র। একজন অস্ত্র উঁচিয়ে কোপ মারার ভঙ্গি করলে, আমি বুঝে যাই পরিস্থিতি খারাপ হতে পারে। তখন বলি, “ভাই, আমার ক্ষতি করার দরকার নেই। যা আছে সব নিয়ে যান।”’

তাদের মধ্যে একজন তখনো হারুন রশিদকে ধরে রেখেছিলেন, আর বাকিরা দ্রুত তার সঙ্গে থাকা জিনিসপত্র দেখছিলেন। তারা মানিব্যাগ, মুঠোফোন সবই নিয়ে নেয়। ‘মানিব্যাগ থেকে টাকা বের করে নেয়, এরপর জিজ্ঞেস করে কার্ড আছে কি না। আমি বলি, নেই। তারপর তারা মানিব্যাগ ফিরিয়ে দেয়। হঠাৎ এক যুবক অন্যজনকে বলে, “উনি তো নাটক করেন, তার ফোন নিলে ঝামেলায় পড়তে পারি। মোবাইল নেওয়ার দরকার নেই, বাদ দে চল।” এরপর দ্রুত তারা সেখান থেকে সরে যায়। তার আগেই সিএনজির ড্রাইভারকে সরিয়ে দেয়,’ বলেন হারুন।

Comments

Post a Comment